
a review by CaptainFahim

a review by CaptainFahim
[The post is written in Bengali language] (19 May, 2020)
কেমন হতো যদি আপনার নিকটবর্তী কোনো দুর্ঘটনার পূর্বেই টের পেতেন এবং এটি রোধ করতে অতীতে অর্থাৎ ঘটনার প্রাক্বালে অনিচ্ছা সত্বেও চলে যেতেন? তবে হয়তো দুর্ঘটনায় হারানো প্রিয়জনদের অনেকেই বাঁচাতে পারতেন, তাই না?
▶ Plot: সময়টা তখন "২০০৬ ফিফা ওয়ার্ল্ড কাপ জার্মানি" শুরুর কিছুদিন পূর্বে। অন্যান্য মাঙ্গাকাদের (জাপানিজ কমিক আর্টিস্ট) মতোই প্রতিদিন স্ট্রাগল করতে হয় ২৯ বছর বয়সী এক তরুণ মাঙ্গা রচয়িতা সাতোরু ফুজিনুমার। একই সাথে ওয়াইসি পিৎজাতে ডেলিভারির কাজ করা কাতাগিরি নামের এক সহকর্মী মেয়ে প্রতিদিন তার সাথে মজা নিলেও জীবন নিয়ে খানিকটা হতাশায় ভোগা সাতোরু তেমন কিছু মনে করে না। তার এরকম সাধাসিধে জীবনে রয়েছে এক অদ্ভুত ইন্দ্রিয়গোচর বিষয়। সাতোরু এর নাম দিয়েছে "রিভাইভাল" অর্থাৎ পুন:প্রবর্তন বা পুনর্জাগরণ। নিকটবর্তী কোনো দুর্ঘটনা ঘটার পূর্বে তার ওপর রিভাইভাল ঘটে। এসময়ে দুর্ঘটনার প্রায় ৫ মিনিট পূর্বে অর্থাৎ অতীতে ফিরে যায় সে। এতে করে নানারকম দুর্ঘটনা রোধ করতে পারে। অবশ্য অন্যের উপকার করতে গিয়ে নিজেই নানারকম দুর্ঘটনার শিকার হয়।
এভাবেই চলতে থাকা জীবনে একদিন চরম দুর্দশা নেমে আসে। তার মায়ের সাথে ঘটা এক দুর্ঘটনায় পুলিশ তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। এসময় পালাতে গেলে ঘটে যায় তার জীবনের সব থেকে বড় রিভাইভাল। সাতোরু চলে যায় ১৮ বছর আগে অর্থাৎ সে যখন সবে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তার শরীরে শিশুর রূপ থাকলেও স্মৃতি, চিন্তাভাবনা এবং বুদ্ধি থাকে ২৯ বছর বয়স্ক। তার মনে প্রশ্ন জাগে, এটিই কি তবে মাকে বাঁচানোর আদ্যস্থল? স্কুল থেকে বাসায় গিয়ে মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে সাতোরু।
এর পর প্রথম দেখাতেই মনে পড়ে তার ক্রাশ কায়ো হিনাজুকির কথা। মায়ের হাতে অত্যাচারের শিকার হিনাজুকি অতীতে অপহৃত হয়ে খুন হয়। মৃত্যুর তারিখ বের করে হিনাজুকিকে বাঁচাতে শুরু হয় সাতোরুর মিশন। ধিরে ধিরে মনে পড়তে থাকে, আরও দুইজন সমবয়সীর অপহরণের ঘটনা। সাতোরু উপলব্ধি করে, তার মাকে বাঁচিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতঃ প্রকৃত খুনিকে ধরতে অর্থাৎ বর্তমানকে পালটাতে, কায়ো হিনাজুকি এবং অন্য দু'জনকে অপহরণ তথা খুন হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। কাছের বন্ধুদের নিয়ে নেমে যায় তাদের বাঁচানোর গোপন মিশনে।
সাতোরু কি পারবে পূর্বের অতীতকে বাঁধা দিয়ে শোচনীয় অতীতকে পালটে প্রিয়জনদের বাঁচাতে? কেই-বা এই আততায়ী? সাতোরুর সাথে তার কীসের লেনাদেনা? রিভাইভাল জিনিসটাই বা কেনো তার সাথেই ঘটে? কী এর রহস্য? সে কি পারবে মিথ্যে অভিযোগে ফাঁসানো আততায়ীকে ধরতে? নাকি ফেঁসে যাবে অতীত কিংবা বর্তমানের মাঝে অথবা ধরা পড়বে আততায়ীর কাছে?
অ্যানিমেতে এসবকে কী বলে আমার জানা নেই, তাই লাইভ অ্যাকশনের ভাষাই ব্যবহার করবো।
▶ Screenplay: অ্যানিমেটি একদিকে যেমন প্রাণজুড়ানো মনোমুগ্ধকর সুন্দর, তেমনি চরম নিষ্ঠুর প্রকৃতির। একসময় বলবেন, এরকম সুন্দর এক পৃথিবীতে থাকতে পারলে কতোই না ভালো হতো। আবার বলবেন পৃথিবী যেনো কখনই এরকম নিষ্ঠুর, নির্মম, নিদারুণ না হয়। কী লেখনী! নির্মমতায় গায়ের লোম দাঁড় করিয়ে দেয়।
▶ Cinematography & Shots: এই অ্যানিমেটিতে যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেল তথা শটগুলো নিয়েছে, কিছু মাস্টার ক্লাস পরিচালক ছাড়া টিভি সিরিজ বাদ দিলাম, সিনেমাতেও দেখা যায় না! অসাধারণ! অসাধারণ! অসাধারণ! আর সিনেমাটোগ্রাফি? আজ পর্যন্ত যতো অ্যানিমে সিরিজ দেখেছি, এরকম সিনেমাটোগ্রাফিওয়ালা একটি অ্যানিমেতেও পাইনি (হাঁ, আমার কথা বলছি। আপনি পেতেই পারেন। নতুন হওয়ায় খুব বেশি এক্সপ্লোর করা হয়নি)। চোখ জুড়ানোসব দৃশ্য। এতোসব ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলসে মনোযোগ দিয়ে কাজ করেছে, বলার বাহিরে। আর এমনসব কিছু সিন আছে, যেগুলো বারবার দেখতে মনে চাবে। পরিচালক বোধয় বারবার দেখার জন্যই বানিয়েছেন! আর কালার নিয়ে মেটাফোরিক্যাল যে বিষয়টা দেখিয়েছে, just WOW!
▶ Art & Voice: অ্যানিমেতে আর্ট এতোই গুরুত্বপূর্ণ বিষয় যে, এটি ভালো না হলে গল্প যতই ভালো হোক না কেনো, সব ওখানেই শেষ। আর এখানে বরং উলটো। যদি অ্যানিমেটির আগামাথাও না বুঝেন কিংবা একদম ভালোই না লাগে, তারপরও আপনি আর্টের সমালোচনা করতে পারবেন না! আই মিন, এর আর্টের সমালোচনা করার মতো কিছু নেই। আর পারফেক্ট ভয়েস যেনো এই আর্টের পরিপূর্ণতা দিয়েছে। জনপ্রিয় ভয়েস শিল্পীদের পাশাপাশি অনেক নতুনরাও এখানে কাজ করেছে।
▶ BGM & Intro: সবাই জানি ভালো ইন্ট্রো-আউট্রো তথা OST ছাড়া অ্যানিমে একদম পানসে। এখানেও হতাশ হতে হয়নি। আর BGM? সিনেমাটোগ্রাফি আর বিজিএম বোধয় এখানে যুগলের মতো কাজ করেছে :3 একটার কারণে আরেকটার গুরুত্ব বেড়েছে। এন্ডিং এন্ট্রোটা Ear-Catching না হবার কোনো কারণ নেই।
OST: https://spoti.fi/2AJyd2Z & https://spoti.fi/2X7v4Bw
▶ Afterwords:
পোস্ট অনেক বড় হয়ে গেছে। ক'জন পড়বে জানি না। নিজেও বড় পোস্টের ফ্যান নই। কিন্তু যতটুকু লিখেছি এতেও তৃপ্ত হতে পারিনি। সবাইকে আকৃষ্ট করতে স্পয়লার ছাড়া লিখলাম। শুধু শেষ দুই এপিসোড এবং কিছু নির্দিষ্ট ব্যাপারে লিখলেই এরচাইতে বড় আরেকটা পোস্ট হয়ে যেতো।
আর হাঁ, অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। খানিকটা কমপ্লেক্স এবং মেটাফোরিক্যাল। এজন্য খুনিকে ধরতে পেরে গর্ব করার বা এভারেজ বলার মতো কিছু নেই বরং তারাই নানাভাবে ক্লু দিবে। আপনার বরং ভালোমতো নজর না দেওয়ায় নানারকম বিষয়াদি নজরে না পড়তে পারে। এজন্যই তো ওপরে বলেছিলাম "The question is not WHO but WHEN, HOW, and WHY. " এখানে কে খুনি, এটি আপনার জন্য খুব বেশি জরুরি বা আহামরি কোনো টুইস্ট নয় বরং সাতোরুর জন্য জরুরি এবং শকিং। আপনাকে বরং মেটাফোরিক বিষয়গুলো ধরতে হবে এবং উত্তর বের করতে হবে কখন, কীভাবে এবং কেনো'র। শেষ করার পর যখন একের পর এক প্রশ্ন সামনে চলে আসবে এবং কিছুই মেলাতে পারবেন না, তখন গুগল এবং ইউটিউবের সাহায্য নিলেই হবে।
The essence of good deeds and evil deeds is the same. They're both no more than a person's actions to make up for a defect in themselves.____
21 out of 28 users liked this review